কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে টাকা লুটের অভিযোগ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম

ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। গত শনিবার রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামে কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা কর্মকর্তাদের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে মুখোশধারী অন্তত তিনজন পেছনের ওয়াশরুমের জানালার গ্রিল কেটে কারখানায় ঢোকে। পরে চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে হাত-পা বেঁধে চাবি নিয়ে লকার থেকে প্রায় ৭০ লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই বলেন, আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে, এরপর বলেছে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। তাদের মুখে মাস্ক পরা ছিল।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও টাকা উদ্ধারে অভিযান চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত