ময়মনসিংহের হালুয়াঘাট

আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ এএম

ময়মনসিংহের হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার পাশাপাশি কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঝড়ের পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়েছে। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় এ ঝড় হয়। একই সময়ে পাশের শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও মাথাফাটা এলাকাতেও ঝড়ের প্রভাব পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে প্রথমে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। এরপর ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে আকস্মিক তীব্র ঝড়ে অনেক গাছ উপড়ে পড়ে এবং ঘরের টিনের চালা উড়ে যায়। স্থানীয়দের কেউ কেউ জানান, তীব্র ঝড়টি প্রায় এক মিনিট স্থায়ী হয়েছিল। পশ্চিম পাবিয়াজুরী ও গোরকপুর এলাকায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বসতঘরের চালা উড়ে গেছে, কোথাও ঘর ও গোয়ালঘরের অংশবিশেষ ভেঙে পড়েছে। বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচলও ব্যাহত হচ্ছে।

ঝড়ে ক্ষতিগ্রস্তদের একজন গোরকপুর উত্তরপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম জানান, তার বসতঘর ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের টিনের চালা উড়ে গিয়ে প্রায় ১০০ গজ দূরে পড়ে। তিনি আরও জানান, তিনি এক চোখে দৃষ্টিহীন এবং অটোরিকশা চালিয়ে সংসার চালান। অনেক কষ্ট করে নতুন ভিটায় ঘর তৈরি করেছিলেন। কিন্তু আকস্মিক ঝড়ে ঘরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি এখন আশ্রয়হীন হয়ে পড়েছেন। তার বিদ্যুতের মিটারও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝড়ে গোরকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও ক্ষতি হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকটি গাছ ভেঙে পড়েছে। ঝড়ে বিভিন্ন ধরনের গাছপালা ও সবজিরও ক্ষতি হয়েছে। পশ্চিম পাবিয়াজুরীর সুমন চেয়ারম্যানের বাড়ি থেকে গোরকপুর সড়কসহ বিভিন্ন সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়রা গাছ সরিয়ে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত