অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

বৈদ্যুতিক গাড়ি কিনতে সর্বোচ্চ ব্যয় করা যাবে ৭৫ লাখ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

সরকারি প্রতিষ্ঠানের জন্য বৈদ্যুতিক গাড়ি (ফুল ইলেকট্রিক ভেহিক্যাল-এফইভি) কিনতে ৭৫ লাখ টাকা বরাদ্দের সর্বোচ্চ সীমা অনুমোদন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপর দুটি মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৫৫ এবং ৫০ লাখ টাকা। প্রতি গাড়ি ওই মূল্যসীমার মধ্যে রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সব ব্যয় নির্বাহ করতে হবে। গত ১৬ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত/সংবিধিবদ্ধ/পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৈদ্যুতিক গাড়ি (জিপ ও কার) ক্রয়ে অনুমোদিত নির্ধারিত মূল্য নিশ্চিত করতে হবে।

এতে বলা হয়, ৫০ লাখ টাকা মূল্যসীমার কার ক্রয়ে মোটর পাওয়ার হতে হবে কমপক্ষে ৯৫ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি ন্যূনতম ৫০ কিলোওয়াট, রেঞ্জ ক্যাপাসিটি ৮০০ কি.মি., চার্জিং (ডিসি ফান্ট) কমপক্ষে ৮০ ওয়াট এবং ব্যাটারি ওয়ারেন্টি কমপক্ষে ৮ বছর হতে হবে। মূল্যসীমা ৫৫ লাখ ক্যাটাগরিতে জিপ (গ্রেড-৩ এবং তদনিম্ন কর্মকর্তাদের জন্য) ক্রয়ে মোটর পাওয়ার কমপক্ষে ১৫০ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি ন্যূনতম ৫৫ কিলোওয়াট ও ওয়ারেন্টি ৮ বছর, রেঞ্জ কমপক্ষে ৮০০ কি.মি. এবং চার্জিং (ডিসি ফাস্ট) সক্ষমতা কমপক্ষে ৮০ কিলোওয়াট হতে হবে।

গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপ ক্রয়ে মূল্যসীমা ৭৫ লাখ টাকার মধ্যে ক্রয়ের ক্ষেত্রে মোটর পাওয়ার কমপক্ষে ২০০ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি ন্যূনতম ৫৫ কিলোওয়াট ও ওয়ারেন্টি ৮ বছর, রেঞ্জ কমপক্ষে ৪৩০ কি.মি. এবং চার্জিং (ডিসি ফাস্ট) সক্ষমতা কমপক্ষে ৮০ ওয়াট হতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপন মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধক্রমে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত