মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে সুশান্ত বিশ্বাস নামে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ( ২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোংলামবস্তি চা বাগানের সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক সুশান্ত বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইলের সাচাইল গ্রামের সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত।
বিবিজির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন শ্রীমঙ্গলের মোংলামবস্তি চা বাগানের সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে বিজিবি টহলদল সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক সুশান্ত ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পান। বর্তমানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কর্মরত। বিজিবি সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পেরেছে যে তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং তার অবস্থান সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছিল।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরবর্তীতে একজন দালালের সহায়তায় সুবিধাজনক সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
এসময় তার কাছ থেকে দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুইটি এনআইডি কার্ড, ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী পাওয়া যায়।
উদ্ধার হওয়া পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।