ভাটারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, বন্ধু আহত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সুমন (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু রবিউল ইসলাম (২০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নতুনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সুমনের বন্ধু রাকিব হোসেন জানান, সুমনের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। তিনি পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন। আহত রবিউল কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তাঁরা দুজনই গুলশানের শাহজাদপুর এলাকায় ভাড়া থাকেন।

তিনি আরও জানান, মোটরসাইকেলটি সুমনের। ঘটনার সময় সুমন নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং রবিউল পেছনে বসা ছিলেন। নতুনবাজার এলাকায় দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত রবিউলকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত