লুলা-বলসোনারোর ছেলের সমানে সমানে লড়াই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ এএম

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে লড়াই জমে উঠেছে। সর্বশেষ দুটি জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা এবং সিনেটর ফ্লাভিও বলসোনারোর সমর্থন প্রায় সমান দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। গত সোমবার প্রকাশিত বিটিজি প্যাকচুয়াল/নেক্সাস জরিপে দ্বিতীয় দফায় লুলার পক্ষে ৪৬ শতাংশ এবং ফ্লাভিওর পক্ষে ৪৫ শতাংশ সমর্থন পাওয়া গেছে। অন্যদিকে, একই দিনের কুয়েস্ট জরিপে ফ্লাভিও ৪২ শতাংশ এবং লুলা ৪১ শতাংশ সমর্থন পেয়েছেন। আগামী ৪ অক্টোবর প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হবেন। লুলা চতুর্থবারের মতো বিরতিসহ প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে। এদিকে, নির্বাচনী প্রচারের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক টানাপড়েনও আলোচনায় রয়েছে। চলতি বছর জুলাইয়ে ব্রাজিলীয় পণ্যে দুই দফা নতুন শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। লুলা অভিযোগ করেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে ওয়াশিংটন। বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন লুলা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার প্রস্তুতির পাশাপাশি সোমবার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের অভিন্ন সমস্যাগুলোর মধ্যে বিশেষ করে জীবনযাত্রার বাড়তি ব্যয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান লুলা।

এই নির্বাচনে ফিলিস্তিন ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন ও রক্ষার প্রশ্নটিÑদুটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শিবিরের মধ্যে এক সুস্পষ্ট বিভাজনরেখা হিসেবে আবির্ভূত হয়েছে। ডানপন্থি ফ্লাভিও ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে ইসরায়েলের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক বহুগুণ শক্তিশালী করবেন। অন্যদিকে লুলা দ্য সিলভা ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্রাজিলীয় নীতি ধরে রেখেছেন। দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে অবস্থান নিয়ে তিনি গাজায় পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে আসছেন।

লুলা ও ফ্লাভিও বলসোনারোর এই প্রতিদ্বন্দ্বিতা এমন এক সময়ে ঘটছে, যখন পুরো লাতিন আমেরিকার রাজনৈতিক মানচিত্র এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা থেকে শুরু করে চিলি কিংবা কলম্বিয়াÑসমগ্র অঞ্চলে ডানপন্থার এক শক্তিশালী পুনরুত্থান ঘটেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত