স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রীর নতুন পূর্বাভাস

প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ের এসব নির্বাচন পরিচালনায় আনুমানিক ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বড় অঙ্কের ব্যয় হবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনে।

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন কমিশন (ইসি) আগামী বছর ৬ জুনের মধ্যে ভোট শেষ করার যে সময়সীমা উল্লেখ করেছে, তাতে আগামী বছরের শুরুতেই এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, নির্বাচন শুরুর সঠিক তারিখ নির্ধারণের এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। সরকার আগে থেকে কোনো তারিখ ঘোষণা করে কমিশনকে বিব্রত করতে চায় না। তবে সরকারের লক্ষ্য বর্তমান অর্থবাজেটের মধ্যেই সব নির্বাচন সম্পন্ন করা। সম্ভাব্য কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রমজান মাস, এসএসসি পরীক্ষা এবং ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার কথা বিবেচনা করেই হয়তো কমিশন জুনের মধ্যে নির্বাচন শেষ করার রূপরেখা তৈরি করেছে।

স্থানীয় সরকার নির্বাচনের আর্থিক প্রস্তুতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, মাঠ পর্যায়ের এসব নির্বাচন পরিচালনায় আনুমানিক ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বড় অঙ্কের ব্যয় হবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনে। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনায় প্রায় ২,৭০০ থেকে ২,৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২,২০০ থেকে ২,৩০০ কোটি টাকা খরচ হতে পারে। অন্যদিকে, দেশের ৩৩০টি পৌরসভা ও ১৩টি সিটি কর্পোরেশনে তুলনামূলক কম ব্যয় হবে।
 
 

সবশেষে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, নির্বাচনের দিনক্ষণ বিষয়ে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক বার্তা এখনো মন্ত্রণালয়ে না পৌঁছালেও ইসির চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ সংস্থানের পুরো প্রস্তুত রয়েছে সরকার।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত