সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত চারজনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) মাধ্যমে প্রীতি গ্রুপের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিজিএমইএর সহসভাপতি মো. রেজোয়ান সেলিম। নিহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা দেওয়া হয়।
আর্থিক সহায়তা পাওয়া চারজন হলেন—মোহাম্মদ হানিফ, মো. সামছুল আলম, জয়নব বেগম ও মো. নজরুল ইসলাম।
বিজিএমইএ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত অন্যদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পর তাদের পরিবারকেও একইভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া নিহতদের পরিবারের কেউ চাকরি করতে চাইলে তার ব্যবস্থা করা হবে।
সহায়তা প্রদান অনুষ্ঠানে মো. রেজোয়ান সেলিম বলেন, যেকোনো শিল্প দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রীতি গ্রুপের কারখানায় আকস্মিক বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, তাদের অপূরণীয় ক্ষতি কোনো আর্থিক মূল্যে পূরণ করা সম্ভব নয়। তবে সংকটের এই সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের তাৎক্ষণিক দুর্দশা লাঘব করাকে বিজিএমইএ অগ্রাধিকার দিচ্ছে।
অনুষ্ঠানে প্রীতি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।