কুমিল্লার দাউদকান্দিতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে সন্দেহভাজন ২৮ কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সারাদিনের অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক কিশোরদের অভিভাবকরা রাতে থানার প্রধান ফটকের সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই হট্টগোলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করা কিশোরদের থানার ভিতরে একটি কক্ষে রাখা হয়। পরে আটক কিশোররা হইচই শুরু করে। ভিতরের হইচইয়ের আওয়াজ বাইরে অভিভাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, কিশোর গ্যাং সন্দেহে হিসেবে ২৮ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের স্বজনরা থানার সামনে জড়ো হওয়ার কারণে একটু ভিড় হয়েছিল। রাত সাড়ে ১০টার দিকে ২২ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬ জনের যাচাইবাছাই চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে তিনি জানান, থানায় হামলা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। যে কক্ষে কিশোরদের রাখা হয়েছিল, ওই কক্ষের পুরনো দরজা খুলে গেছে আর চেয়ার এলোপাতাড়ি ছিল।