কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়াল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সুযোগ আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন ৩০ সেপ্টেম্বর বিরূপমানে শ্রেণিকৃত (এসএস, ডিএফ ও বিএল) ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের জন্য আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট রপ্তানিকারকরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের বিরাজমান সমস্যা সমাধানে আগে জারি করা বিভিন্ন নির্দেশনার আওতায় ঋণ পুনঃতফসিলের আবেদন করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের জন্য ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভিত্তিক শ্রেণিকৃত ঋণ স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে ৩০ জুন ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে কাঁচাপাট রপ্তানিজনিত বিভিন্ন জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্টসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করে আবেদন করতে পারেননি।

এ অবস্থায় তাদের জন্য নতুন করে সুযোগ দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিরূপমানে শ্রেণিকৃত ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে ব্যাংকগুলোকে পুনঃতফসিলের আবেদন নেওয়ার সুযোগ দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সার্কুলারের আওতায় পাওয়া সব আবেদন প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে। তবে আগের সার্কুলার লেটারগুলোতে উল্লেখ করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। সার্কুলারটি অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত