নতুন উপজেলায় দোহাজারীকে অন্তভুক্ত করা হবে: এমপি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

চট্টগ্রাম জেলার সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে গঠিত হতে যাওয়া প্রস্তাবিত নতুন উপজেলায় চন্দনাইশের দোহাজারী পৌরসভাকে যুক্ত করা হবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। এ সময় বিএনপি সরকারকে উন্নয়নমুখী সরকার হিসেবে উল্লেখ করে তিনি ঘোষণা দেন, আগামী ৩০ দিনের মধ্যে দোহাজারী পৌরসভার নয় ওয়ার্ডে মোট ৯০ সড়কের উন্নয়ন কাজ শেষ করা হবে।

এর আগে, সম্প্রতি সাতকানিয়ার ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের একটি প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারী ও সাঙ্গু থানা এলাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। সরকারি নথিপত্রের তথ্যানুযায়ী, সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের একটি ডিও লেটারের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে জেলা প্রশাসক বরাবর একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৪ সালের অনুশাসন অনুযায়ী বিভাগীয় কমিশনারের সুপারিশসহ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রস্তাব পাঠাতে বলা হয়। তবে প্রাথমিক ওই চিঠিতে দোহাজারী পৌরসভা ও ধোপাছড়ি ইউনিয়নের নাম না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং সভায় বক্তারা নতুন উপজেলায় দোহাজারীকে অন্তর্ভুক্ত করার জোর দাবি তোলেন।

দোহাজারী নাগরিক কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, নাগরিক কমিটির সিনিয়র সহ-সভাপতি জয়নুল আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি, যুগ্ম সম্পাদক ইফতেখার উদ্দিন সুমন, উপদেষ্টা আলী আজম খান, সাবেক ব্যাংকার কামাল উদ্দিন, আলহাজ্ব জামাল উদ্দিন সওদাগর, সহ-সভাপতি ওসমান আলী ভুট্টা, সাংগঠনিক সম্পাদক কাজী আবু তৈয়ব, এবং সহ-সাধারণ সম্পাদক মুহিম বাদশাহ প্রমুখ।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত