এমিতে মনোনীত ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে বসবে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এই অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে বহুল আলোচিত জুলাই আন্দোলন ও ওই সময়ের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’।  আল জাজিরা ইংলিশের এই প্রযোজনাটি ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনীত হয়েছে। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রধান অনুসন্ধানী সাংবাদিক হিসেবে কাজ করেছেন জুলকারনাইন সায়ের খান। জুলাই আন্দোলন ঘিরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। 

মনোনয়নের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের খান। তিনি জানিয়েছেন, এই স্বীকৃতি বাংলাদেশের মানুষের। বিশেষ করে জুলাইয়ের সেই ৩৬ দিন যারা নিজেদের জীবন দিয়ে পার করেছেন- শিক্ষার্থী, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের প্রতি এই সম্মান উৎসর্গ করা হয়েছে। একই সঙ্গে ওই সময়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদেরও স্মরণ করেছেন তিনি। জুলকারনাইন বলেন, অনেক মানুষ ব্যক্তিগত ঝুঁকি নিয়ে তাদের অভিজ্ঞতা ও সাক্ষ্য তুলে ধরেছেন। তাদের সাহস ও আস্থার কারণেই প্রামাণ্যচিত্রটির গল্প আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছেছে। 

এই মনোনয়নকে বাংলাদেশের সাংবাদিকতা ও প্রামাণ্যচিত্র নির্মাণের জন্যও উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০০৪ সালে বাংলাদেশি কিশোরদের নির্মিত ‘আমরাও পারি’ আন্তর্জাতিক এমির সঙ্গে সংশ্লিষ্ট একটি পুরস্কার জিতেছিল। এটিএন বাংলায় প্রচারিত ওই প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক শিশু দিবস সম্প্রচার পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর পুরস্কার অর্জন করে। 

‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে যুক্তরা আশা করছেন, এই মনোনয়ন বাংলাদেশের আরও অনেক প্রতিভাবান সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতার কাজ আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর পথ সহজ করবে। প্রামাণ্যচিত্রটি নির্মাণের সঙ্গে যুক্ত আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের সহকর্মী এবং পর্দার আড়ালে কাজ করা প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন জুলকারনাইন সায়ের খান। ঘটনাগুলো সত্যনিষ্ঠভাবে তুলে ধরতে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন তিনি। 

২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’র সঙ্গে ফ্রান্সের ‘মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘ব্রেকিং র‍্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘ফেমিনিস’ মনোনীত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত