পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশবিরোধী কোনো অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বাংলাদেশ পুনর্গঠনে কাজ করে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। প্রচলিত আইনে নিষিদ্ধ কোনো সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না।
তিনি আরও বলেন, বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদে এক ধরনের কথা বললেও সংসদের বাইরে তাদের ভিন্ন রূপ দেখা যায়। তারাই বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ আজ ঐক্যবদ্ধ। চট্টগ্রামের ছাত্র ও যুবসমাজ দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।
মীর হেলাল বলেন, আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতই তার ভাগ্য নির্ধারণ করবে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, তারা কোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকারকে জ্বালাও-পোড়াও ও ঝটিকা মিছিলের মাধ্যমে ক্ষমতা থেকে সরানোর স্বপ্ন দিবাস্বপ্নই থেকে যাবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, আসিফ চৌধুরী লিমন, জিএ সালাহউদ্দিন কাদের আসাদ ও আরিফুর রহমান প্রমুখ।