ডেঙ্গু ও হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ এএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। এ সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

ডেঙ্গু-বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ১০৪ জন। মৃত্যু হয়েছে ২১১ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৫ জন। চলতি মাসের ২৫ দিনে ৩৪ হাজার ২৫৮ জন ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মৃত দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে এবং একজন উত্তর সিটির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে।

হাম-বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামে মৃত তিনজনের একজন ঢাকা, একজন খুলনা ও একজন সিলেটে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ৮৪ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। বাকি ৯৮৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে এক লাখ ৮৫ হাজার ৮৩৩ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত