কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ১৪ জনের

কেঙ্গে এলাকায় কোনো সচল রানওয়ে না থাকায় বিমানটি ঘুরতে ঘুরতে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানে আগুন ধরে যায়।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্তে দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে কঙ্গোর সেনাবাহিনীর উচ্চতর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জোসেফ মুতোম্বো কাতালয়ি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল লুসিয়ান-রেনে লিকুলিয়া বাকুমি রয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিকউইট থেকে রাজধানী কিনশাশায় ফিরছিল। উড্ডয়নরত অবস্থায় বিমানটিতে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবতরণের চেষ্টা চালান।   

ক্বাঙ্গো প্রদেশের উপ-গভর্নর রেমি সাকি বোকিন্দা জানান, কেঙ্গে এলাকায় কোনো সচল রানওয়ে না থাকায় বিমানটি ঘুরতে ঘুরতে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিমানে আগুন ধরে যায়। 

কঙ্গোলিজ সামরিক মুখপাত্র মেজর-জেনারেল এফোমি একেনগে নিশ্চিত করেছেন যে, বিমানটিতে থাকা ১৪ জনের সবাই মারা গেছেন, যার মধ্যে ১২ জনের দেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে গেছে এবং পাইলটের মরদেহ বিমানটির বাইরে থেকে উদ্ধার করা হয়।   

সামরিক ও স্থানীয় বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের নির্দেশে ইতোমধ্যে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

কয়েক দশক ধরে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটে ভুগতে থাকা কঙ্গোর সেনাবাহিনী দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, যা বিমান চলাচলের মতো কৌশলগত যাতায়াতে চাপ বাড়িয়েছে।  

সর্বশেষ সর্বাধিক পঠিত