ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁ'র ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁ'র ছেলে। সম্পর্কে তারা দুইজন চাচাতো ভাই।
স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোররাতে সদর উপজেলার সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নামিম ও নিরব মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে- তা শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।