ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পদ্মার তীব্র ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি দুর্যোগ ও সংকটে আপনাদের পাশে থাকা আমাদের নির্বাচনী অঙ্গীকার। এছাড়া, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নদী ভাঙন কবলিত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, পদ্মার ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এ অবস্থায় চাল ও নগদ অর্থ সহায়তা তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।