পাকিস্তানে পুলিশের চেকপোস্টে বোমা হামলা, নিহত ১১

সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় এ হামলা চালানো হয়।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, মোগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান–কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে বিস্ফোরণটি ঘটে। এলাকাটি খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।

হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক রয়েছেন।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। আহত ২০ জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে পরবর্তী চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।

বিস্ফোরণের ধরন ও হামলার পদ্ধতি শনাক্ত করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং হামলায় ব্যবহৃত বিস্ফোরক ও হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সর্বাধিক পঠিত