ডেঙ্গুর বিরুদ্ধে মঠবাড়িয়ায় দেড় হাজার মানুষের গণশপথ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। পৌরসভার ৯ ওয়ার্ডের ১ হাজার ৫০০ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে শপথ করানোর পাশাপাশি তাদের মাঝে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। মাসব্যাপী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল ও পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজী প্রমুখ।

আয়োজকরা জানায়, কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেককে একটি করে মশারি, তিন প্যাকেট মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। এছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সে বিষয়ে উপস্থিত লোকজনকে সচেতন করা হয়। পরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ডেঙ্গু প্রতিরোধ করতে হলে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমেই কেবল ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা ডেঙ্গু প্রতিরোধে এই কার্যক্রম শুরু করেছি। প্রথম দিন পৌরসভার ৯ ওয়ার্ডের মানুষের মধ্যে মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানোর পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।

তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে কাজ করার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা এড়াতে সবাইকে সর্বোচ্চ সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত