কালীগঙ্গায় নৌকাবাইচে কসাইবাড়ি চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কালীগঙ্গা নদীর নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত উপজেলার জামশা ইউনিয়নের মাটিকাটা গোলাই-বালুরচর এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়।

দক্ষিণ মাটিকাটা গ্রামের আয়োজনে এবং স্থানীয় গোলাই, জামশা, বাস্তা, সারারিয়া, দাড়িপাড়া ও বরন্ডি গ্রামের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিংগাইরের বিভিন্ন অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জ থেকে মোট ১০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে ছিল উড়িয়াবাজ, প্রবাসী, কসাইবাড়ি, একতা-২, মাসুদ রানা, ঐতিহ্য, সোনার তরী, কাইলান তুফান মেইল ও হাতনির রাজ।

নটরডেম কলেজের প্রভাষক উমর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত। এছাড়া প্রতিযোগিতাটির উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী ইয়াকুব হোসেন রাজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও আবদুল মান্নান প্রমুখ।

পাঁচ ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয় কসাইবাড়ি নৌকা এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে মাসুদ রানা নৌকা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে আকর্ষণীয় পুরস্কার হিসেবে মোটরসাইকেল এবং অন্যান্য বিজয়ী দলগুলোকে চারটি ফ্রিজ ও টিভিসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত