ঢাকা-ওয়াশিংটন পারমাণবিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ২৬টি দেশ ও সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন চুক্তি রয়েছে, যার অধীনে অন্তত ৫০ দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার সম্পর্ক তৈরি করেছে দেশটি।

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

বেসামরিক পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুদেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে সই করেন দেশটির অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জ্যাকব হেলবার্গ।

এর আগে গত ১ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেসামরিক পারমাণবিক সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নের প্রস্তাব দেওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তা ইতিবাচকভাবে গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন।

তিনি জানান, দেশের মানুষের স্বার্থ রক্ষিত হয় এমন যেকোনো দ্বিপক্ষীয় চুক্তি ও সম্পর্কের ক্ষেত্রে সরকার ইতিবাচক পদক্ষেপে বিশ্বাসী।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই হয় ১৯৮১ সালে। তবে ১৯৯১ সালের পর এটি আর নবায়ন করা হয়নি। দীর্ঘ সময় পর ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে এ চুক্তি পুনঃস্বাক্ষরিত হলো এমন এক সময়ে, যখন রাশিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় তৈরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

 

মার্কিন পারমাণবিক জ্বালানি আইনের ১২৩ ধারার অধীনে বিভিন্ন দেশের সঙ্গে পরমাণুর শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে চুক্তি সম্পাদন করে যুক্তরাষ্ট্র, যা বিশ্বজুড়ে ‘১২৩ অ্যাগ্রিমেন্ট’ নামে পরিচিত।

যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যানুসারে, বর্তমানে ২৬টি দেশ ও সংস্থার সঙ্গে ওয়াশিংটনের এমন দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে, যার মাধ্যমে বিশ্বের অন্তত ৫০টি দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বজায় রেখে চলেছে দেশটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত