স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকীতে স্মৃতিকথা সংকলনের মোড়ক উন্মোচন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় আয়োজিত এ অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর কর্মজীবন, মূল্যবোধ ও ব্যক্তিজীবনের নানা দিক স্মরণ করেন তার সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের সদস্যরা।

বিশেষ এই স্মৃতিকথা সংকলনে স্যামসন এইচ. চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এবং তার সংস্পর্শে আসা বিভিন্ন ব্যক্তির স্মৃতি, অভিজ্ঞতা ও অনুভূতি স্থান পেয়েছে। বইটিতে তার সততা, নৈতিকতা, নেতৃত্বের দর্শন এবং মানুষের প্রতি দায়বদ্ধতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্যামসন এইচ. চৌধুরীর সঙ্গে নিজের স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son's Lens’-এর নির্বাচিত অংশও প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে তার জীবন, পারিবারিক মূল্যবোধ, ব্যবসায়িক দর্শন এবং উত্তর প্রজন্মের ওপর তার প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

স্যামসন এইচ. চৌধুরী শুধু একজন উদ্যোক্তা হিসেবে নয়, সততা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জন্যও পরিচিত ছিলেন। তার মানবিক আদর্শকে ধারণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, পোশাকশ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।

স্যামসন এইচ. চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ স্মরণ অনুষ্ঠান ও স্মৃতিকথা প্রকাশের মধ্য দিয়ে তার জীবনদর্শন, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত