ব্র্যাক ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন অর্থনীতিবিদ ও গবেষক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। অর্থনীতি, উন্নয়ন, গবেষণা ও জননীতি বিষয়ে দেশি-বিদেশি পর্যায়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ড. রাজ্জাককে পরিচালনা পর্ষদে স্বাগত জানিয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ব্যাংকটি প্রবৃদ্ধি ও রূপান্তরের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এ সময়ে শক্তিশালী সুশাসন ও কৌশলগত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, উন্নয়ন, শিক্ষা ও নীতি প্রণয়নে ড. রাজ্জাকের অভিজ্ঞতা ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেহেরিয়ার এম. হাসান বলেন, ড. রাজ্জাকের দিকনির্দেশনা ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, সুশাসন কাঠামো শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে স্টেকহোল্ডারদের জন্য মূল্য সৃষ্টিতে ভূমিকা রাখবে।

ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক বর্তমানে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।

এর আগে তিনি লন্ডনে কমনওয়েলথ সেক্রেটারিয়েটে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড পলিসি হিসেবে বাণিজ্যনীতি ও বৈশ্বিক অ্যাডভোকেসি বিষয়ে কমনওয়েলথের কার্যক্রমে নেতৃত্ব দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগেও শিক্ষকতা করেছেন তিনি।

ড. রাজ্জাক সাব-সাহারা আফ্রিকা, দক্ষিণ এশিয়া, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের অর্থনীতি, উন্নয়ন ও নীতিগত বিষয়ে গবেষণা ও কার্যক্রম পরিচালনা করেছেন। বাংলাদেশের উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগেও দীর্ঘদিন ধরে যুক্ত তিনি।

বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ড. রাজ্জাকের। তিনি একাধিকবার জি-২০ ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপে কারিগরি উপস্থাপনা করেছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অব লর্ডস ও হাউস অব কমন্সের বিভিন্ন কমিটির সামনেও তিনি এভিডেন্স উপস্থাপন করেছেন।

বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার গবেষণা ও নীতিনির্ধারণী কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে রয়েছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ ও পরবর্তী নীতি সমন্বয়, বাণিজ্য ও রপ্তানি সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য, আর্থিক অন্তর্ভুক্তি, অভিবাসন ও রেমিট্যান্স এবং সামষ্টিক অর্থনীতি।

বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক, জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারের নীতি গবেষণায়ও তিনি নেতৃত্ব ও অবদান রেখেছেন। বিশেষ করে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা সংস্কার এবং আর্থিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর কাজ রয়েছে।

ড. রাজ্জাক যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিভিন্ন বই, গবেষণা নিবন্ধ ও নীতিপত্রের লেখক।

সর্বশেষ সর্বাধিক পঠিত