সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই আজকের নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এ পথে তাকে হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদের শিকার হতে হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় হামলার শিকার হলেও তিনি লড়াই থেকে সরে দাঁড়াননি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়। অনেকটা পথ আমি প্রায় একাই হেঁটেছি।’
তিনি বলেন, এই পথ তাকে অনেক কিছু দিয়েছে—হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি ও মিথ্যা অপবাদ। প্রতিবাদ করতে গিয়ে কত জায়গায় হামলার শিকার হয়েছেন, তার হিসাবও নেই। আর প্রতিবারই তাকে শুনতে হয়েছে, ‘প্রমাণ কোথায়?’
মিডিয়ার সামনে কথা বলেও আক্রমণের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার বিরুদ্ধে একের পর এক মিছিল ও নানা ধরনের অপপ্রচার হয়েছে বলেও জানান। এমন অনেক কথা তাকে শুনতে হয়েছে, যা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
তবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কিন্তু আমি ভাঙিনি। কারণ আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’
তিনি আরও বলেন, অনেক সময় চারপাশের মানুষ প্রশ্ন করেছে এবং সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন—‘হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করে দাও। মিথ্যাকে দূর করে দাও। যারা জুলুম করে তাদের জুলুমের অবসান ঘটাও। আর আমাকে সত্যের পথে অটল থাকার শক্তি দাও।’
পোস্টে তিনি বলেন, তিনি এখনও বিশ্বাস করেন, সময় সবকিছুর সাক্ষী রাখে। মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। তার ভাষায়, সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। অন্যায়ও হয়তো কিছুদিন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু তা চিরস্থায়ী নয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার কোনো প্রতিশোধের আকাঙ্ক্ষা নেই; তিনি চান ন্যায়বিচার। কাউকে ছোট করতে চান না বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, তিনি চান মানুষের মর্যাদা ফিরে আসুক।
নিজের শক্তির বিষয়ে তিনি বলেন, তার সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়। মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসাই তার শক্তি।
অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন এবং অপমান সহ্য করেও মাথা নত করেননি, এই লড়াই তাদের সবার বলেও উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
পোস্টের শেষাংশে তিনি বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয়। তিনি আল্লাহর কাছে সত্য প্রতিষ্ঠা, মিথ্যার পরাজয় এবং জুলুমের অবসানের জন্য দোয়া করেন।
ঢাকা উত্তরে মেয়র প্রার্থী এনসিপির আসিফ, দক্ষিণে পাটওয়ারী
বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
আমরা জুলাই ব্যবসায়ী, চাঁদাবাজি ব্যবসায়ী নই: নাসীরুদ্দীন পাটওয়ারী