দেশীয় চলচ্চিত্রের সিনেমার প্রথম ‘স্টার কিড’ আব্রাম খান জয়। শাকিব খান ও অপু বিশ্বাসের এই পুত্র জন্মের এক বছরের মাথায় গোটা দেশের আলোচিত নামে পরিণত হয়। তারকা দম্পতির (তৎকালীন) সুবাদে জয়ও বিপুল পরিচিতি পায়। তার নামে বহু ফেসবুক পেজ ও গ্রুপ চালু হয়েছিল। অনেক তারকার চেয়েও তাকে নিয়ে চর্চা ছিল ঢের বেশি। সেই জয়ের জন্মদিন ছিল গতকাল ২৬ সেপ্টেম্বর। সন্তানের দশ বছর পূর্ণ হওয়ার দিনে বাবা-মা দুজনের কাছ থেকেই মিলল শুভেচ্ছা বার্তা। শাকিব খান পোস্ট করেছেন জয়ের একক ছবি। যেখানে একটি কালো পাঞ্জাবির সঙ্গে কালো কটি পরে দাঁড়িয়ে জয়। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’ এর আগে জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে ধারণ করা কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’
উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস বিয়ে করেছিলেন ২০০৮ সালে। তবে ক্যারিয়ারের কারণে দুজনেই খবরটি গোপন রাখেন। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে জয়।