দুই বছরের জন্য ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তরুণ মডেল-অভিনেত্রী মৌসুমী মৌ । ইস্পাহানি টি লিমিটেডের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তিনি ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও প্রচার অভিযানে অংশ নেবেন। একইসঙ্গে বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতা ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম মৌসুমে উপস্থাপিকা হিসেবে দেখা যাবে মৌকে।
বাংলা ভাষা, ব্যাকরণ, সাহিত্য ও সংস্কৃতিভিত্তিক এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ও জ্ঞানকে আরো উৎসাহিত করার প্রয়াস চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। দেশের অন্যতম পরিচিত ও ঐতিহ্যবাহী ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা দীর্ঘদিন ধরে গুণগত মান ও ভোক্তাদের আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
মৌসুমী মৌয়ের জনপ্রিয়তা ও উপস্থিতি ব্র্যান্ডটির যোগাযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইস্পাহানি টি লিমিটেড। ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো ঐতিহ্যবাহী ও প্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে নিজের আনন্দের কথা জানান মৌসুমী মৌ। আগামী দুই বছর ব্র্যান্ডটির সঙ্গে দারুণ কিছু কাজ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে বাংলাবিদের মতো গুরুত্বপূর্ণ একটি আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত বলে জানান।