রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল ফের রিমান্ডে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পুনরায় দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের আবেদন মঞ্জুর করেছে আদালত। 

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জেহাদ হোসেন তিন দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান আসামির জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাকিবুলের প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার চার মিনিট ২৯ সেকেন্ডের অডিও সম্প্রচার ডিভিডিতে ধারণ করে জব্দ করা হয়েছে। মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে অডিওর নমুনা কণ্ঠস্বরের সঙ্গে আসামি রাকিবুল হাসানের তুলনামূলক পরীক্ষা করার জন্য তাকে ফের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক ওসি রাকিবুল হাসান ও এক অজ্ঞাতনামা ব্যক্তির কথোপকথনের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার পরপরই তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের এ মামলাটি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত