মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

ঢাকার আদালত এলাকায় মাদকদ্রব্য ধ্বংসকরণের সাথে সংযুক্ত পুলিশ কনস্টবল রেজাউল করিমকে মাদক মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) মামলার তদন্ত কমকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন কুমার চ্যাটার্জী আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মনজুরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন শাখার তথ্যে জানা যায়, গ্রেপ্তার আসামি মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল। রাজধানীর সূত্রাপুর থানা এলাকা থেকে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ ১৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

মামলার এজাহার অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল গত ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের দোকানের ভেতর অভিযান চালায়। সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামিকে (রেজাউল) আটক করা হয়। পরে আটক রেজাউল করিমের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের মোট ১, ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা। 

এ ছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়। এ ঘটনায় সোমবার ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলাটি করে। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত