সেবা না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার তেজগাঁও সড়ক ভবনের অডিটোরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাস মালিকদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাস মালিকদের উদ্দেশে সড়কমন্ত্রী বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কোম্পানির। কোনো মালিক বাসের যথাযথ সংস্কার না করলে কিংবা চালক-কর্মচারীরা নিয়ম না মানলে তার দায় কোম্পানিকে নিতে হবে।’

শেখ রবিউল আলম বলেন, ‘আমি কোনো বাস মালিক চিনব না, কোম্পানি চিনব। বাসটি আপনার কোম্পানির অধীনে চলে। মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করলে, যাত্রীর সুবিধা নিশ্চিত না হলে, চালক কথা না শুনলে এবং কর্মচারীরা শৃঙ্খলা না মানলে, সেই বাসের দায় আপনাদের নিতে হবে। তা নিশ্চিত করতে না পারলে ওই মালিকের বাস কোম্পানিতে রাখবেন না।

তিনি বলেন, রাষ্ট্রকে ও ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করে ব্যবসা করার সুযোগ কারও নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পরিবর্তন চাইব। না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করব। তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না গেলে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

বাস মালিকদের লোকসানের যুক্তির জবাবে শেখ রবিউল আলম বলেন, আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ে সরকার আলোচনা করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত