না খেলেই সেমিফাইনালে বাংলাদেশও, প্রতিপক্ষ কারা?

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা ছিল থেকেই ছিল, শেষ পর্যন্ত তা কেড়ে নিল কোয়ার্টার ফাইনালের পুরো রোমাঞ্চ। জাপানের নাগোয়ায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ভেস্তে যাওয়ায়, বিনা লড়াইয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালের নিশ্চিত করেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালের টিকিট পেল লিটন দাসের দল। সেখানে ফাইনালে ওঠার লড়াই লাল-সবুজরা লড়বে পাকিস্তানের বিপক্ষে।

এদিকে ভেস্তে গেছে সকালের আরেক কোয়ার্টার ফাইনালও। সেখানে নেপালের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। তারা এবার খেলবে ভারতের বিপক্ষে। 

নাগোয়ার নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ১১টায়। তবে টসের দেড় ঘণ্টা আগেই বৃষ্টির পরিস্থিতি বিবেচনায় ম্যাচটি পরিত্যক্ত হলে মাঠেই যেতে হয়নি লিটনে। 

এর মধ্যে দিয়ে এশিয়ান গেমসের ক্রিকেট ইতিহাসে ঘটে গেল এক বিরল ঘটনা। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই একে একে বৃষ্টিতে ভেস্তে গেছে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, নকআউট পর্বের এসব ম্যাচে ফল নির্ধারণের জন্য আইসিসি বা এশিয়ান গেমসের নিয়মে ভরসা রাখতে হয়েছে র‍্যাঙ্কিংয়ের ওপর।

আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, টুর্নামেন্টের নকআউট পর্বে কোনো ‘রিজার্ভ ডে’ বা বিকল্প দিন রাখা হয়নি। অর্থাৎ, সেমিফাইনাল বা ফাইনালের দিনও যদি বৃষ্টি বাধা সৃষ্টি করে এবং ম্যাচ মাঠে না গড়ায়, তবে আবারও র‍্যাঙ্কিংয়ের নিয়মের ওপর নির্ভর করতে হবে।

বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারত সবার ওপরে, পাকিস্তানের অবস্থান ষষ্ঠ স্থানে এবং বাংলাদেশের অবস্থান অষ্টম। ফলে বৃষ্টিতে যদি সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায় না, তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকার কারণে ফাইনালে চলে যাবে পাকিস্তান এবং বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হবে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নেমে।



সর্বশেষ সর্বাধিক পঠিত