জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌস রিনি।

দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শান্তাদিঘড় গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শান্তাদিঘড় গ্রামের ওই মেয়েটি বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল বাড়িতে এসে জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এরপরও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে হামিদুল। এর প্রায় ৫ মাস পর একসময় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।

এরপর একই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। এ মামলার শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত