এলপিজির ‘কৃত্রিম সংকট’ খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

দেশের কোথাও এলপিজির ‘কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দামে বিক্রি’ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে কোথাও কোথাও কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হতে পারে। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেন এলপিজির সংকটের কথা শোনা যাচ্ছে এবং কেন অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সে বিষয়ে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেসব এলাকায় সরবরাহ কম পাওয়া যাবে, সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট তৈরি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনকে আরও সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত