দেশের চার বিশ্ববিদ্যালয় ১০০০-এর মধ্যে

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ এএম

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭ অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) এই চার বিশ্ববিদ্যালয় বৈশ্বিক তালিকায় ৮০১-১০০০ ব্যান্ডের মধ্যে অবস্থান করছে। এবারের র‌্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। র‌্যাংকিংয়ে ১০০০ এর মধ্যে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ দুটি ১০০১ থেকে ১২০০ ব্যান্ডের মধ্যে রয়েছে। গতকাল বুধবার টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়।     

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), যা তালিকার ১০০১-১২০০ ব্যান্ডে স্থান পেয়েছে। একই ব্যান্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কয়েকটি সূচকে গত বছরের তুলনায় অগ্রগতি করেছে।

জাবি প্রতিনিধি জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১-১০০০ ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। পাঁচটি সূচকের ভিত্তিতে এ র‌্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। সূচকগুলো হলো শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাত এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন জানান, ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবারও আন্তর্জাতিক এ র‌্যাংকিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। তিনি বলেন, টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এ অর্জনের ফলে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। আগামীতে বিশ্ব র‌্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

যবিপ্রবি প্রতিনিধি জানান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান অর্জন করেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। প্রকাশিত তালিকা অনুযায়ী, ১০০১ থেকে ১২০০-এর ব্যান্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পঞ্চম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ষষ্ঠ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সপ্তম, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় অষ্টম, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি নবম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশম অবস্থানে রয়েছে।

এ বিষয়ে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান  বলেন, ‘এই অর্জন যবিপ্রবির একাডেমিক ও গবেষণাভিত্তিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন ও একাডেমিক কার্যক্রমে ধারাবাহিক উৎকর্ষের প্রতিফলন এ সাফল্য। ভবিষ্যতে গবেষণার পরিধি আরও বিস্তৃত করা, নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবির অবস্থান আরও শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব।’

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যবিপ্রবি শ্রেষ্ঠত্ব অর্জন করায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা চাই, ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যবিপ্রবি আরও ভালো অবস্থানে উঠে আসুক। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি আশা করি, বিশ্ববিদ্যালয় পরিবারকে এগিয়ে নিতে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করতে পারব।’

রাবি প্রতিনিধি জানান, মর্যাদাপূর্ণ এ র‌্যাঙ্কিংয়ে ১০০১ থেকে ১২০০ ব্যান্ডের মধ্যে অবস্থান করে যৌথভাবে দ্বিতীয় অবস্থান লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। টানা চতুর্থবার একই অবস্থানে থাকলেও কয়েকটি সূচকে অগ্রগতি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণার পরিবেশ সূচকে গত বছরে পেয়েছিল ৯.৯ ও বর্তমানে ১২.১, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে গত বছরে ২২.১ ছিল ও বর্তমানে ২২, শিক্ষা সূচকে গত বছরে ১৬.৫ ছিল ও বর্তমানে ১৫.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে গত বছরে ৪২ ছিল ও বর্তমানে ৪২.৩, গবেষণার মান সূচকে গত বছরে ৭৭ ছিল ও বর্তমানে ৭৭.৯। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে থাকলেও এ বছর পিছিয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় দুটি। অন্য ছয়টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের অবস্থান ১০০১-১২০০ ব্যান্ডে। এ ছাড়া ১২০১-১৪০০ ব্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ ছাড়া ১৪০১ থেকে ১৬০০ অবস্থানে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৮০১ থেকে ২০০০ অবস্থানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বাকি ১০টি বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এগুলো হলো এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং-২০২৭ এ সারা বিশে^র মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। টানা ১১তম বছরের মতো প্রতিষ্ঠানটি র‌্যাংকিংয়ের এক নম্বরে রয়েছে। একাধিক সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে তালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। এবার প্রথমবারের মতো বৈশ্বিক শীর্ষ ১৫-তে জায়গা করে নিয়েছে এশিয়ার তিন বিশ্ববিদ্যালয়। এগুলো হলো চীনের সিংহুয়া ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)।

সর্বশেষ সর্বাধিক পঠিত