জাবির হোটেলে নিহত ২৪

প্রতিবেদন জমা দোষীদের শনাক্ত করা যায়নি

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ এএম

২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকাধীন শহরের জাবির ইন্টারন্যাশনাল হোটেলে আগুনে ২৪ জনের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। সম্প্রতি যশোরের আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন।

প্রতিবেদনে বিভিন্ন সময় সাতজনকে আটকের পর সন্দেহভাজন হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তদন্তে তাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ফলে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে তাদের অব্যাহতির সুপারিশ করেছেন। অব্যাহতির সুপারিশপ্রাপ্তরা হলেনÑ মো. আব্দুল খালেক, মো. এনামুল হক, আব্দুর রহমান শাওন, অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি, এসএম আজাহার হোসেন স্বপন, কাজী রবিউল হোসেন ওরফে ভাইপো রবিউল এবং মো. ইমন কাজী।

মামলার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন গতকাল সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময়ে সন্দেহভাজন হিসেবে সাতজনকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছিল। তদন্তে তাদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। মামলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আদালত নেবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত