ঘাটাইলে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ এএম

টাঙ্গাইলের ঘাটাইলে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার ১নং দেউলাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর খিলগাতী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরী আক্তার উত্তর খিলগাতী গ্রামের প্রবাসী তোফাজ্জল হোসেনের মেয়ে। ঘটনার পর স্বামী মোহাম্মদ রোমান পালিয়ে যান পরে দুই থানার সীমান্ত এলাকা বেরিকেট দিয়ে পুলিশ স্বামী রোমানকে গ্রেপ্তার করে। মাত্র সাত মাস আগে পারিবারিকভাবে তামান্না ইসলাম তরীর বিয়ে হয় পার্শ্ববর্তী মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাপারকোনা গ্রামের ইন্টারনেট ব্যবসায়ী মোহাম্মদ রোমান মিয়ার সঙ্গে। গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী রোমান আলোকদিয়া ইউনিয়নের চাপারকোনা গ্রামের তুলা মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মাত্র সাত মাস আগে পারিবারিকভাবে ইন্টারনেট ব্যবসায়ী রোমানের সঙ্গে তরীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৭ ভরি স্বর্ণ ও মোটা অঙ্কের নগদ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু জুয়া খেলে সব টাকা ও স্বর্ণ নষ্ট করে ফেলেন রোমান। পরবর্তীতে তিনি আবারও তরীর বাবার বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা না পেয়ে তরীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। নির্যাতন সহ্য করতে না পেরে গত শুক্রবার তরী বাবার বাড়ি চলে আসেন। গত মঙ্গলবার বিকেলে রোমান শ্বশুরবাড়িতে এসে তরীকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং মারধর করে। পরে রাতে তারা এক কক্ষে ঘুমাতে যান। মধ্যরাতে তরীর চিৎকার শুনে মা ও প্রতিবেশীরা এসে দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় তরীকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা মোসাম্মৎ সাহানাজ বেগম বলেন, আমার এক মেয়ে এক ছেলে। মেয়েটি বড় ছিল। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার মেয়ে হত্যার বিচার ফাঁসি চাই।’ এ কথা বলেই তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত