দশ বছর আগে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলতে এসে যিনি প্রথমবার মন জয় করেছিলেন ভারতীয় দর্শকদের, তাকেই আজ ফের দেখা যাবে কলকাতার মাঠে। তবে পার্থক্যটা কেবল এটাই, তখনকার বিস্ময়বালক সেই ভিনিসিয়ুস জুনিয়র এখন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম তারকা বনে। ভিনির জন্য তাই এবারের ভারত সফর নিছক কোনো প্রীতি ম্যাচ নয়, বরং এক দশক আগের সোনালী স্মৃতির পাতায় ফিরে যাওয়ার দারুণ এক উপলক্ষ।
কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ব্রাজিলের ঐতিহাসিক এই প্রীতি ম্যাচের আগে নস্টালজিয়ায় ভাসছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড।
২০১৬ সালে ভারতের গোয়ায় আয়োজিত ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ১৬ বছর বয়সী ভিনিসিয়ুস। সেবার ৫ ম্যাচে ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি দলকে শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। সেই টুর্নামেন্টে আরও অংশ নিয়েছিল চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের মাটিতে পা রাখার পর থেকেই ভক্তদের মুখে নিজের নাম শুনে পুরোনো সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে উঠেছে ভিনির। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের মিডিয়া ‘সিবিএফ টিভি’–কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা প্রকাশ করে ভিনিসিয়ুস বলেন, ‘এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।’
সে সময়ের স্মৃতিচারণ করে ভিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৭) সময়ই আমি বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।’
পাশাপাশি ভারতের বিপক্ষে আজকের এই প্রীতি ম্যাচ এবং সেখানকার সমর্থকদের নিয়ে ব্রাজিলের এই তারকা জানান, ‘আমাদের জন্য বিষয়টি খুবই বিশেষ। এখানে ভারতের বিপক্ষে খেলাটা ভিন্ন এক অভিজ্ঞতা, যা সচরাচর হয় না। আমি ভীষণ খুশি, কারণ আমি জানি এখানকার মানুষ ফুটবল ভালোবাসে এবং তাদের সেরা খেলোয়াড়দের বা ব্রাজিল জাতীয় দলকে সরাসরি দেখার সুযোগ সবসময় হয় না। আজকের দিনটি তাদের ও আমাদের উভয়ের জন্যই দারুণ এক দিন হবে। আমরা আশা করি একটি চমৎকার ম্যাচ উপহার দিতে পারব, দর্শকরাও খেলাটি দারুণ উপভোগ করবেন এবং আমরা যেন আরও বেশি বেশি এখানে এখানে ফিরে আসতে পারি।’
একাদশে পরিবর্তনের ইঙ্গিত আনচেলত্তির
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর ভারতের বিপক্ষে এই ম্যাচে নিজেদের একাদশে বেশ বড়সড় রদবদল আনতে পারেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্র মতে, আগের ম্যাচের একাদশ থেকে এই ম্যাচে প্রায় সাতটি পরিবর্তন আনতে পারেন তিনি। রাফিনহার অনুপস্থিতিতে তার জায়গায় ফ্লেমেঙ্গো স্ট্রাইকার পেদ্রোকে শুরুর একাদশে সুযোগ দিতে পারেন আনচেলত্তি, যেখানে চিরাচরিত বাঁ উইংয়ে নিজের চেনা ভূমিকায় থাকবেন ভিনিসিয়ুস।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্রয়ের পর স্কোয়াডের খেলোয়াড়দের ভালোমতো ঝালাই করে নিতে চান ইতালিয়ান এই কোচ। ২৬ জনের স্কোয়াডের সবাইকে এই সফরে সুযোগ দেওয়ার অংশ হিসেবেই ভারতের বিপক্ষে বড় এই পরিবর্তনের পথে হাঁটছে সেলেসাওরা।
লজ্জাজনক হারের পর ক্ষমা চাইলেন সালাউদ্দিন