বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন (বিএফএসএফ)-এর কার্যক্রম ও সাংগঠনিক উদ্যোগকে ঘিরে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য ফেডারেশনের সকল সদস্য চলচ্চিত্র সংসদ, চলচ্চিত্রকর্মী, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ফেডারেশন নেতৃবৃন্দরা বলেন, যেকোনো তথ্য প্রচার বা মতামত প্রদানের আগে সত্যতা যাচাই করা জরুরি। চলচ্চিত্র সংসদ আন্দোলনের ঐক্য, সম্প্রীতি, সাংগঠনিক শৃঙ্খলা ও সাংস্কৃতিক চেতনা সমুন্নত রাখতে সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এদিকে বিএফএসএফ-এর উদ্যোগে ‘চলচ্চিত্র সংসদ সম্মেলন–২০২৬’ আয়োজনের প্রস্তুতি চলছে। সম্মেলনের তারিখ, স্থান ও বিস্তারিত কর্মসূচি যথাসময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ বিষয়ে কোনো বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। ফেডারেশনের আহ্বায়ক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, `অপপ্রচারে প্রভাবিত না হয়ে সত্যতা যাচাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের ঐক্য অক্ষুণ্ন রাখা সকলের দায়িত্ব।’
ফেডারেশনের সদস্য সচিব সাইমন তারিক বলেন, চলচ্চিত্র সংসদগুলোর মধ্যে সমন্বয়, সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই বিএফএসএফ-এর অন্যতম লক্ষ্য। ‘চলচ্চিত্র সংসদ সম্মেলন–২০২৬’ সেই ধারাবাহিকতারই একটি উদ্যোগ। ফেডারেশন নেতৃবৃন্দ সত্য, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার ভিত্তিতে চলচ্চিত্র সংসদ আন্দোলনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।