মিরসরাইয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এমপি নুরুল আমিন

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আড়াইশ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিনের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু ও সদস্যসচিব নাঈম সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রদল নেতা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সেলিম, নুরুল আবছার চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁইয়া জুয়েল।

প্রধান বক্তার বক্তব্যে আবিদুল ইসলাম খান বলেন, ‘গত ১৭ বছর পাশের দেশে বাংলাদেশকে ইজারা দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে উত্তরণে বর্তমান নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে শিক্ষামন্ত্রী সর্বোচ্চ কাজ করছে।’

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যারা জিপিএ-৫ অর্জন করেছ, এজন্য অহংকার করবে না। তোমরা এইচএসসিতে আরও ভালো ফলাফল অর্জন করতে হলে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে।’

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক সবাইকে এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের আদর্শ হতে হবে তাঁদের বাবা-মা ও শিক্ষক। বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের সম্মান করতে হবে এবং স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি সামনের দিনে আরও বড় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ পাওয়া আড়াইশ কৃতী শিক্ষার্থীকে অতিথিরা সংবর্ধনা দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত