যুক্তরাষ্ট্রের সঙ্গে করা জুনের অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের কালিবাফ রবিবার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন। খবর রয়টার্স।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান একটি প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নির্ধারিত শর্তগুলো মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দিয়ে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনা সম্ভব। গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটন ওই প্রস্তাবের জবাব দিয়েছে।
কালিবাফ বলেন, ইরানের অবস্থান ‘স্পষ্ট ও দৃঢ়’। তাঁর ভাষায়, কূটনৈতিক প্রক্রিয়া দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সময় শেষ হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে তেহরানের অবস্থান জানানো হয়েছে। তবে কিছু বিষয় এখনো ওয়াশিংটনকে জানানো বাকি রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব আগের অবস্থানের কাছাকাছি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে।
বাঘাই আরও বলেন, এই মুহূর্তে ইরানের প্রধান অগ্রাধিকার হরমুজ প্রণালির নিরাপত্তা ও নৌ চলাচল স্বাভাবিক করা।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সমাধানের পথে গেলে ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত এবং আত্মরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়াও জানিয়েছেন, ইরান ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর কাজ করবে।