কসবায় শিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার দাবি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের এক শিক্ষিকাকে দিনে-দুপুরে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগে ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে স্কুলের সামনের সড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

অভিযুক্ত দেলোয়ার হোসেন জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আকছিনা মাদরাসার প্রিন্সিপাল নুরুল আমিন মোল্লা, খন্দকার জাহাঙ্গীর আলম, খন্দকার আজাদ মিয়া, ছাত্রদল নেতা খন্দকার সাদ্দাম হোসেন, খন্দকার রনি, খন্দকার জসিম উদ্দিন এবং আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, থানায় অভিযোগ দেওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেলোয়ার হোসেন জিন্নাহকে গ্রেপ্তার করা না হলে এলাকার সম্মান রক্ষায় থানা ঘেরাওসহ আরও একাধিক কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

তবে দেলোয়ার হোসেন জিন্নাহ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করেননি। সম্পর্কের খাতিরে তাকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ভুক্তভোগী শিক্ষিকার দেওয়া মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ স্কুলের এক শিক্ষিকাকে অপহরণের চেষ্টা করা হয় বলে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই দিন সন্ধ্যায়ই ভুক্তভোগী শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত