কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টে ৬৪ বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টা ১০মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল ঝিমংখালী সীমান্তের জিয়া খাল নামক স্থান দিয়ে ২টি প্যাকেট নিয়ে সন্দেহজনক ২জন ব্যক্তি দেশের অভ্যন্তরে প্রবেশকালে তাদের তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা উদ্ধার করেন।
আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) ও মো. আব্দুল রহিমের ছেলে মো. মামুন (২১)।
৬৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরও বলেন, আটককৃত কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক