চট্টগ্রামে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সামিট ১৪ নভেম্বর

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

চট্টগ্রামে চিকিৎসা পর্যটন ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’। আগামী ১৪ নভেম্বর নগরীর দ্য পেনিনসুলা হোটেলে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে নগরীর জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা সম্মেলনের বিভিন্ন দিক ও লক্ষ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু, সহসভাপতি নুরুল আনোয়ার জীবন, সহসভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) দাঊদ আরমান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন মানিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম অঞ্চল থেকে প্রতিবছর বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে যান। আন্তর্জাতিক হাসপাতাল, চিকিৎসক ও বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের সংযোগ ঘটিয়ে রোগীদের চিকিৎসাসেবা সহজ করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য। পাশাপাশি এর মাধ্যমে দেশীয় চিকিৎসাসেবার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বিনিময় ও আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরির পথ সুগম হবে।

আয়োজকেরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের স্বাস্থ্য খাতের সঙ্গে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার হবে, যা স্থানীয় চিকিৎসাব্যবস্থার উন্নতির পাশাপাশি রোগীদের জন্য বিদেশে গিয়ে মানসম্মত সেবা নেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করে তুলবে।

চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু বলেন, সামিটে চীন, মালয়েশিয়া, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন খ্যাতনামা হাসপাতালের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে রোগীরা সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করার সুযোগ পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত