চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি বিভাগের রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম দিয়েছে এলবিয়ন গ্রুপ।
রবিবার (৪ অক্টোবর) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
প্রদান করা সরঞ্জামের মধ্যে রয়েছে দুটি পেশেন্ট মনিটর (EtCO₂-সহ), একটি তিন চ্যানেলের ইসিজি মেশিন এবং একটি ৪০০ ওয়াটের ডায়াথার্মি মেশিন (১২০ বাইপোলার)।
সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, ডা. মো. তৈয়ব সিকদার, অধ্যাপক ফাহমিদা ইসলাম চৌধুরী, রোগী কল্যাণ সমিতির নির্বাহী কমিটির সদস্য ডা. মিনুসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা।
এলবিয়ন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, হেড অব সেলস তুহিনুল ইফতেহা, সেলস ম্যানেজার মো. আইয়ুব এবং আরএসএম আবু হেনা।
এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, ‘মানুষের কল্যাণ ও চিকিৎসাসেবার মানোন্নয়নে পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখতে চাই।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, চমেক হাসপাতাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এ হাসপাতালে চিকিৎসা নেন। বিশেষ করে গাইনি বিভাগে রোগীর চাপ বিবেচনায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সহায়ক হবে।