মৌলভীবাজারে রাজনগর উপজেলার পাঠানতুলা গ্রামের কৃতি সন্তান প্রবীন সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মোস্তফা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৭ বছর। রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লন্ডনের হেকনীর নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক ছেলে ও বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
এক শোক বার্তায় তারা বলেন, ‘তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের লন্ডনের প্রতিনিধি সভাগুলোতে উপস্থিত থেকে উৎসাহ, উদ্দীপনা ও সুচিন্তিত পরামর্শ দিয়ে ছিলেন। পরহেজগার,পরোপকারী ও বন্ধুবৎসল মোহাম্মদ মোস্তফার মৃত্যুতে লন্ডনের বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।’
বীর মুক্তিযোদ্ধা, প্রবীন সাংবাদিক ও শিক্ষক মোহাম্মদ মোস্তফা গত কয়েক বছর যাবৎ লন্ডনের হেকনী কাউন্সিলে ছেলের বাসায় বসবাস করে আসছে। সেখানে তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি ছিলেন লন্ডনের বাংলা কমিউনিটির এক উজ্জ্বল মুখ।