জামিন নামঞ্জুর আখতারুজ্জামান কারাগারে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:০৪ এএম

সরকারি কাজে বাধা, হুমকি ও মারধরের মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মোহাম্মদ আখতারুজ্জামানকে। গত শনিবার আদালতের নির্দেশে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল রবিবার তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করা হয়। এদিন রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম। অন্যদিকে আসামীর পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা।

শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ বেশ কয়েকজন আইনজীবী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা আদালতের প্রধান কৌঁসুলি ওমর ফারুক ফারুকী।

সরকারের হস্তক্ষেপেই জামিন হয়নি : মেজর (অব.) আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তার এবং তার জামিন নামঞ্জুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণেই আখতারুজ্জামানের জামিন হয়নি। গতকাল রবিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলার কারণে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনা সাধারণ কোনো বিষয় নয়। তার দাবি, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। জামায়াতে যোগ দেওয়ার কারণে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত