মন্ত্রিসভায় অনুমোদন পেল কেরানীহাট ৪-লেন প্রকল্প

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট বাজার অংশ ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

জানা যায়, কেরানীহাট বাজার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পয়েন্ট। দীর্ঘদিন ধরে ২-লেনের এই সড়কে অতিরিক্ত যানবাহনের চাপে প্রতিনিয়ত ভয়াবহ যানজট ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে চন্দনাইশ ও সাতকানিয়া অংশে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ দুর্ভোগ লাঘবে এমপি জসীম উদ্দীন আহমেদ গত ২৩ আগস্ট সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একটি ডিও লেটার প্রদান করেন। ডিও লেটারে তিনি উল্লেখ করেন, কেরানীহাট বাজার হতে সাতকানিয়া রাস্তার মাথা পর্যন্ত যানজট লাঘবে কেরানীহাট বাজারের ১ কিলোমিটার অংশ জরুরি ভিত্তিতে ৪-লেনে উন্নীতকরণ অপরিহার্য।

তার আবেদনের প্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে গত ২৯ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ১৪৪ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর মাধ্যমে বাস্তবায়ন কাজ শুরু হবে।

এ বিষয়ে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, 'চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও পর্যটন নগরী কক্সবাজারের কারণে এর গুরুত্ব বহুগুণ বেড়েছে। জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ১৪৪ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করায় মন্ত্রীকে ধন্যবাদ।'

এ প্রকল্প বাস্তবায়িত হলে কেরানীহাটের যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং চন্দনাইশ, সাতকানিয়া, বান্দরবান ও কক্সবাজার অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ সর্বাধিক পঠিত