কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর তাঁর গ্রেপ্তারের আগে জারি করা তল্লাশি পরোয়ানার বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। খবর রয়টার্সের।
ব্রিটিশ জুডিশিয়াল অফিস সোমবার (৫ অক্টোবর) জানিয়েছে, এ বিষয়ে বৃহস্পতিবার আদালতে শুনানি হবে। তবে শুনানিটি রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারিতে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করা হয় যৌন অপরাধী জেফরি এপস্টিনের কাছে সরকারি নথি ফাঁসের সন্দেহে। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ সরকারের বাণিজ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি নথি এপস্টেইনের কাছে ফাঁস করা হয়েছিল বলে তাঁর বিরুদ্ধে সন্দেহের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়।
অ্যান্ড্রুর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এখন তাঁর গ্রেপ্তারের আগে পুলিশ যে তল্লাশি পরোয়ানাগুলো ব্যবহার করেছিল, সেগুলো আইনসম্মতভাবে জারি হয়েছিল কি না, তা পর্যালোচনা করবে।
ব্রিটেনের থেমস ভ্যালি পুলিশ সোমবার জানিয়েছে, পরোয়ানা জারির সঙ্গে সংশ্লিষ্ট আইনি কার্যক্রমে বাহিনীটি যুক্ত রয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, মামলাটির শুনানি জনসমক্ষে নয়, ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হবে।