সিরাজগঞ্জের শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সি হালিমা খাতুন নামের একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) উপজেলার পল্লী অঞ্চল গালা ইউনিয়নের চর দুগলী গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক রয়েছে।
থানার এসআই আনোয়ার হোসেন জানান, উপজেলার গালা ইউনিয়নের আব্দুল আলীমের সঙ্গে তার স্ত্রী ফজিলা খাতুনের এদিন সকালে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তার স্ত্রীকে লাঠি দিয়ে আঘাত করলে লাঠিটি তার শিশুর শরীরে লাগে। মুহূর্তেই রক্ত ঝরতে থাকে শিশুটির মাথা থেকে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা ফজিলা খাতুন বলেন, আমার সঙ্গে স্বামীর কথাকাটাকাটির একপর্যায়ে আমাকে মারতে গেলে আমার কোলে থাকা অবস্থায় আমার স্বামীর লাঠিটি আমার শিশুর মাথায় লাগে।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে পাঠাই। ঘটনার পর থেকে শিশুটির বাবা আব্দুল আলীম পলাতক রয়েছে। এদিকে এ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।