রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে শহীদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত শহীদুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার পাকালিয়া এলাকার মোকছেদ ফকীরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ ডিসেম্বর রাতে শহীদুল ইসলামের স্ত্রী মেয়ের সঙ্গে তার ধস্তাধস্তি দেখতে পান। স্ত্রীকে দেখে ওই সময় শহীদুল ঘর থেকে বের হয়ে যান। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে তার বাবার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে ধর্ষণের অভিযোগ করে।

এ ঘটনায় মেয়েটির মা বালিয়াকান্দি থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন।

রাজবাড়ী আদালতের সরকারি কৌঁশলি জাহিদ উদ্দিন বলেন, দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত