গাজীপুরে ইয়াবাসহ যুবককে আটক করেছে আনসার 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম

গাজীপুরের শ্রীপুরে নিউ হোপ ফিড লিমিটেডের গার্ড পোস্টে আনসার সদস্যদের তৎপরতায় ৪ পিস ইয়াবাসহ আশরাফুল নামে এক ট্রাক হেল্পারকে আটক করা হয়েছে।

সোমবার (৫ আক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আটক আশরাফুল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ফুলতলা এলাকার বাসিন্দা। তার পিতার নাম হোসেন আলী।

জানা যায়, পিসি মো. রমজান আলীর তত্ত্বাবধানে আনসার সদস্য মো. কবির হোসেন ডিউটি পোস্টে দায়িত্ব পালনকালে দেখতে পান, গার্ডের বাইরে সড়ক থেকে একটি প্যাকেট ছুড়ে দেওয়া হলে সংস্থার মালামাল লোড-আনলোড করতে আসা একটি ট্রাকের হেল্পার সেটি লুফে নেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পিসি ও আনসার সদস্য তাৎক্ষণিকভাবে ওই ট্রাক হেল্পারকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ইয়াবা উদ্ধারের ঘটনায় শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকার বিষয়টি উঠে এসেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত